দেশবার্তা ডেস্ক: সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের পর আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে দেশের উত্তরাঞ্চলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি প্রচারাভিযান শুরু হচ্ছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে তার তিন দিনের সফর শুরু হবে।
তিনি জানান, তিনদিনের এই প্রচারাভিযান শুরু করতে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী যাচ্ছেন তারেক রহমান। বেলা ২টায় রাজশাহী মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য রাখবেন তিনি। এরপর বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিম মাঠে ও রাত সাড়ে ৭টায় আলফাতুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।
দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে পৈতৃক ভিটা গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে জিয়াবাড়িতেও যাওয়ার কথা রয়েছে তার।
শুক্রবার রংপুরে যাবেন তারেক রহমান। বিকালে তিনটা ৪৫ মিনিটে পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সাড়ে ৪টায় রংপুর ঈদগাহ মাঠে জনসভায় অংশ নেবেন।
এরপর শনিবার বেলা ২টায় বিসিক শিল্প পার্কে, ৪টায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় বক্তৃতা দেবেন বিএনপি চেয়ারম্যান।
গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহ থেকে নির্বাচনি প্রচারাভিযান করেছেন তিনি। এই পর্যন্ত বিএনপি চেয়ারম্যান ১৬টি নির্বাচনি জনসভা করেছেন।































