দেশবার্তা প্রতিবেদকঃ বায়ুদূষণের বিশ্বের ১২৫টি শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। শহরটির বাতাসের একিউআই স্কোর রয়েছে ৭৩৩, যেখানে স্কোর ৩০০ পার করলেই বাতাস ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হয়। মঙ্গলবার সকালে ঢাকা রয়েছে চতুর্থ স্থানে এবং বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এদিন সকাল ৮টায় বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো— বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৪৫ গুণ বেশি রয়েছে।
এদিন সকালে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায়। তালিকায় এর পরেই রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং, ধানমন্ডি ও দক্ষিণ পল্লবী।
ঢাকার এই চার এলাকায় বাতাসের মান আজ ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এদিন মাদানি সরণির বেজ এজওয়াটার, বেচারাম দেউড়ি, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ও গোড়ান এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।































