দেশবার্তা ঢাকা: অন্তবর্তীকালীন সরকারের দায়িত্বকালীন সময়ে দেশের শান্তি-শৃঙ্খলা চিরতরে ধ্বংস করা এবং সাংবিধানিক শূন্যতা তৈরি করার জন্য নানা পাঁয়তারা হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সম্প্রতি বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে তাঁর একান্ত সাক্ষাৎকারটি নিয়েছেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী ও বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদীন।
দেশর্বাতা নিউজ.কমেম পাঠকদের জন্য সাক্ষাৎকারটি তুলে ধরা হলো:
রাষ্ট্রপতি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দেড় বছর তিনি নানা চক্রান্তের মুখোমুখি ছিলেন। এসময় দেশের শান্তি-শৃঙ্খলা চিরতরে ধ্বংস করা এবং সাংবিধানিক শূন্যতা তৈরি করার জন্য নানা পাঁয়তারা হয়েছিল।
রাষ্ট্রপতিকে অপসারণের ষড়যন্ত্র হয়েছে জানিয়ে তিনি বলেন, আমি দৃঢ়চিত্তে আমার সিদ্ধান্তে অবিচল ছিলাম। যে কারণে কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, ফলে দেড় বছর বঙ্গভবনের অভিজ্ঞতা যে ভালো, তা বলা যাবে না। আমার ওপর দিয়ে যে ঝড় গেছে, এ রকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কি না আমি জানি না।
রাষ্ট্রপতি বলেন, আমাকে কতভাবে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে! কোনো পরিস্থিতিতেই আমি ভেঙে পড়িনি। আমি বলেছি, আমার রক্ত ঝরে যাবে বঙ্গভবনে। রক্ত ঝরে ঝরুক। আরেক ইতিহাসে আমি যোগ হব। কিন্তু আমি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব—আমি এই সিদ্ধান্তেই অবিচল ছিলাম। আল্লাহর ইচ্ছা আর আমার দৃঢ়তা।
সূত্র: কালের কণ্ঠ































