জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় ভটভটি উল্টে রাসেল মন্ডল (৩৫) নামে এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর প্রায় পৌনে তিনটার দিকে জয়পুরহাট–বগুড়া মহাসড়কের পুনট বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মন্ডল জয়পুরহাট সদর উপজেলা–এর জামালপুর পালপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম লিটন মন্ডল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাসেল জামালপুর থেকে ভাঙারির মালামাল নিয়ে ভটভটিতে করে শিবগঞ্জ উপজেলা–তে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কালাই উপজেলার পুনট এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে তিনি মাথা ও বুকে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
নিহতের মামা মামুনুর রশিদ ও চাচাতো ভাই রিমন হোসেন জানান, জীবিকার তাগিদে নিয়মিত বিভিন্ন এলাকা থেকে ভাঙারি সংগ্রহ করে বিক্রি করতেন রাসেল। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
প্রত্যক্ষদর্শী আমির বলেন, ভটভটিটি শিবগঞ্জের দিকে যাচ্ছিল। পুনট বাজার এলাকায় হঠাৎ উল্টে যায়। রাসেল ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় ভটভটির চালক আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য জয়পুরহাট–বগুড়া মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।































