মোঃ পাপেল মিয়া, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযানে অস্ত্র ও মাদক মামলার এজাহারনামীয় আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, অস্ত্র মামলায় গ্রেফতারকৃত আসামির নাম কাঞ্চন মিয়া (২৮)। তিনি রংপুরের পীরগঞ্জ থানার খামার সাদুল্যাপুর এলাকার সিরাজ মিয়ার ছেলে এবং বর্তমানে বাসন থানার ভোগড়া এলাকার ভাড়া থাকেন।
মাদক মামলায় গ্রেফতার হয়েছেন ময়মনসিংহের ত্রিশাল থানার কাজী গ্রাম এলাকার মোঃ শাকিল মিয়া (২৫)। তিনি বর্তমানে চান্দনা চৌরাস্তা বনরূপা রোড এলাকায় বসবাস করতেন। এছাড়া আদালত কর্তৃক জিআর পরোয়ানাভুক্ত আসামি রাজশাহীর পুঠিয়া থানার মোঃ সুজন (২২) এবং সিআর পরোয়ানাভুক্ত আসামি চান্দনা চৌরাস্তা এলাকার মোঃ বিজয় সরকার নামে আরো একজনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, প্রসিকিউশন মামলায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, মোঃ রাকিবুল হাসান ওরফে জয় (২৫), মোঃ রিফাত (২২) এবং মোঃ সৌরভ খান (২২)। গ্রেফতারকৃত এই তিনজনই বাসন থানার পালেরপাড়া (মীরবহর) এলাকার বাসিন্দা।
বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনর রশীদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে দেশর্বাতা নিউজকে জানান, গাজীপুর মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অস্ত্র, মাদক ও বিভিন্ন পরোয়ানাভুক্ত ৭ জন আসামিকে গ্রেফতার করে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দেশর্বাতা নিউজ/এসএ































