আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা উত্তেজনা এবং সামরিক মহড়ার মধ্যে যুদ্ধ নিয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, তেহরানে ওয়াশিংটন হামলা করলে তা পুরো অঞ্চলে সংঘাতে রূপ নেবে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
খামেনি বলেন, আমেরিকানদের জানা উচিত তারা যদি যুদ্ধ শুরু করে, তাহলে এবার এটি একটি আঞ্চলিক যুদ্ধ হবে। ৮৬ বছর বয়সি খামেনির মন্তব্য এখন পর্যন্ত তাঁর সবচেয়ে সরাসরি হুমকি। তেহরান সতর্ক করে দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানে হামলার নির্দেশ দেন, তাহলে তারা ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক সম্পদকে লক্ষ্যবস্তু করবে। এর আগে গতকাল ট্রাম্প বলেছিলেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে ‘গুরুত্ব সহকারে কথা বলছে’।
এদিকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে হরমুজ প্রণালির পাশাপাশি চলতি মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণ চীন সাগরে চীন, রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া করবে বলে ঘোষণা দিয়েছে ইরান। সেই সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।































