দেশবার্তা ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়।
সতর্কবার্তায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ সময় রাজনৈতিক সহিংসতা কিংবা উগ্রপন্থি হামলার ঝুঁকি থাকতে পারে। বিশেষ করে জনসমাবেশ, ভোটকেন্দ্র ও ধর্মীয় স্থানগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলে উল্লেখ করা হয়।
মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের রাজনৈতিক বিক্ষোভ ও সমাবেশ এড়িয়ে চলতে এবং বড় ধরনের জনসমাগমের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত বছরের ১৫ ডিসেম্বর বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচল নিয়ে সতর্কতা জারি করেছিল ঢাকার মার্কিন দূতাবাস।































