জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহে বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (১৯ জানুয়ারি) ভোররাতের দিকে সদর উপজেলার উদয়পুর এলাকায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। এ সময় একাধিক মামলার আসামি মো. রুবেল হোসেনকে আটক করা হয়।
সেনা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত টিয়ার গ্যাস গ্রেনেডটি বাংলাদেশ পুলিশের ব্যবহৃত সরঞ্জামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ধারণা করা হচ্ছে, গত বছরের জুলাই মাসে সংঘটিত আন্দোলনের সহিংসতার সময় বিভিন্ন থানা থেকে হারিয়ে যাওয়া বা লুট হওয়া অস্ত্র ও সরঞ্জামের অংশ এগুলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. রুবেল হোসেন গত বছরের জুলাই আন্দোলনের সময় সহিংস কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতেও ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি সামছুল আরেফিন কালের কণ্ঠকে বলেন, সেনা অভিযানে উদ্ধারকৃত সব আলামত সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।































