দেশবার্তা ডেস্কঃ নোয়াখালীর সদর উপজেলার কাদিরহানিফতে মাছের বারবিকিউ পার্টিতে বিভিন্ন মাদকদ্রব্য মিশিয়ে তৈরি ‘ঝাক্কাস’ নামের একটি পানীয় সেবনের এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
রবিবার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান।
নিহত সাকিব উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মুসলিম কলোনির মৃত এফরান মিয়ার ছেলে।
এ ঘটনায় গুরুতর অসুস্থরা হলেন- মো. টিপু (২৫), মোহাম্মদ সাইফুল ইসলাম পাখি (২২), মনির হোসেন শান্ত (২৩), মোহাম্মদ রাসেল (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে একটি মাছের বারবিকিউ পার্টি করে। বারবিকিউ পার্টিতে বিভিন্ন মাদকদ্রব্য মিশিয়ে ঝাক্কাস নামে একটি আইটেম তৈরি করেন। পরে বারবিকিউ পার্টিতে তাদের তৈরিকৃত ঝাক্কাস নামক মাদকের আইটেম সেবন করেন। পার্টি শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাদেরকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার মোহাম্মদ সাকিব (২২) কে মৃত ঘোষণা করেন।
পরে উন্নত চিকিৎসার জন্য মোহাম্মদ টিপু ও সাইফুল ইসলাম পাখিকে ঢাকায় পাঠানো হয়। এছাড়া মোহাম্মদ মনির হোসেন শান্ত ও মো. রাসেল নোয়াখালীর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, একাধিক মাদকদ্রব্য মিশিয়ে ‘ঝাক্কাস’ তৈরি করে পাঁচ যুবক তা পান করেন। এতে তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ বর্তমানে তার বাড়িতে রয়েছে। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
































