দেশবার্তা ঢাকাঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রশাসনিক রদবদলে সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজনকে ট্রাফিক বিভাগের বিভিন্ন জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ রদবদল করা হয়।
আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, পিওএম-দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার সাজিয়া আফরোজ সুমাকে বদলি করে ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াসমিন তিছাকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-রমনা) সৌমিক হাসানকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার খান মাহমুদুল হাসানকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।































