দেশবার্তা ঢাকাঃ রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শুরু হওয়া এ সমাবেশে জোটের বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ দিনসকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সমাবেশ শেষে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু হওয়ার কথা রয়েছে। পথে চারটি পথসভা এরপর সন্ধ্যায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। লংমার্চে নেতৃত্ব দেয়ার পাশাপাশি বিভিন্ন পথসভায় বক্তব্য দেবেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।
সকাল ৭টা ২০ মিনিটে সমাবেশস্থলে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।































