বিনোদন ডেস্কঃ বলিউডে সিনেমার সাফল্যই শুধু নয়, তারকার জনপ্রিয়তা ও ব্র্যান্ড মূল্যও এখন হয়ে উঠেছে বড় পরিচয়ের মাপকাঠি। আর সেই তালিকায় নতুন রেকর্ড গড়েছেন অভিনেত্রী আলিয়া ভাট।
সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, ভারতের সবচেয়ে মূল্যবান অভিনেত্রী এখন আলিয়া ভাট। ক্রোল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫-এ উঠে এসেছে এমন তথ্য।
রিপোর্ট বলছে, আলিয়ার ব্র্যান্ড মূল্য প্রায় ৯৩ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯২ কোটি টাকা। শুধু নারী তারকাদের মধ্যে নয়, পুরো তালিকাতেই তিনি রয়েছেন শীর্ষস্থানীয় অবস্থানে।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে তিনি পেছনে ফেলেছেন নিজের স্বামী ও বলিউড অভিনেতা রণবীর কাপুরকেও। রণবীরের ব্র্যান্ড মূল্য প্রায় ৮০ মিলিয়ন ডলার।
নারী তারকাদের তালিকায় আলিয়ার পরেই রয়েছেন দীপিকা পাড়ুকোন ও রশ্মিকা মন্দানা। দীপিকার ব্র্যান্ড মূল্য প্রায় ৮৯ দশমিক ২ মিলিয়ন ডলার, আর রশ্মিকার প্রায় ৭৫ দশমিক ২ মিলিয়ন ডলার।
বিশেষজ্ঞদের মতে, এখন একজন তারকার মূল্য শুধু সিনেমার আয় দিয়ে নির্ধারণ হয় না। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা, বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন, আন্তর্জাতিক পরিচিতি এবং ব্যক্তিগত উদ্যোগ—সবকিছু মিলিয়েই তৈরি হয় ব্র্যান্ড ভ্যালু।
অভিনয়ের পাশাপাশি আলিয়ার আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ, নিজস্ব উদ্যোগ এবং কোটি কোটি ভক্তের ভালোবাসাই তাকে পৌঁছে দিয়েছে এই অবস্থানে।
সিনেমার পর্দা থেকে বিজ্ঞাপনের দুনিয়া—সব জায়গাতেই এখন আলিয়া ভাটের জয়জয়কার।































