দেশবার্তা ঢাকাঃ রাজধানীর সার্বিক নাগরিক সেবার বাস্তব চিত্র স্বচক্ষে সরেজমিনে দেখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ডিএনসিসি প্রশাসককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন বিষয়টি জানান।
জানা গেছে, রাজধানীর সড়কগুলোর সার্বিক অবস্থা, গভীর রাতের পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাতের পরিস্থিতি, সড়কবাতির কার্যকারিতা, রাতের যান চলাচল এবং নগরসেবার সামগ্রিক চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিভিন্ন স্থানে থেমে তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। মূলত রাতের বেলায় রাজধানী ঢাকার নগর ব্যবস্থাপনা ও বর্জ্য অপসারণ কার্যক্রম বাস্তবে কীভাবে পরিচালিত হচ্ছে, তা সরাসরি প্রত্যক্ষ করতেই তার এই আকস্মিক পরিদর্শন।
প্রশাসন সূত্রে জানা গেছে, নগরবাসীর দৈনন্দিন ভোগান্তি নিরসন এবং সেবার মান বহুগুণ বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী শুরু থেকেই অত্যন্ত আন্তরিক। সে কারণেই কোনো আনুষ্ঠানিক পূর্বঘোষণা ছাড়াই গভীর রাতে মাঠপর্যায়ে নেমে পরিচ্ছন্নতা ও সেবা নিশ্চিতকরণে কোথায় কী ধরনের গাফিলতি বা সমস্যা রয়েছে, তা সরাসরি খতিয়ে দেখছেন তিনি।
এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও একইভাবে রাতে রাজধানী পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়।































