আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে সংঘাত নিয়ে ‘খুবই বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে’। টানা তৃতীয় দিনের মতো যুদ্ধরত পক্ষগুলো একে অপরের ওপর হামলা না চালানোর পর তিনি এ কথা বলেন।
তবে তেহরান এ দাবি নাকচ করে জানিয়েছে, বর্তমানে দুই দেশের মধ্যে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না।
সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, ভালো কিছু হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’ তবে তিনি সতর্ক করে বলেন, চলমান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আগের মতোই সামরিক পদক্ষেপে ফিরতে পারে।
ট্রাম্প জানান, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে তিনি গত শুক্রবার ইরানের ওপর মার্কিন হামলা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেন, যাতে কূটনৈতিক প্রচেষ্টাকে আরেকটি সুযোগ দেওয়া যায়। একই সময়ে ইরানও তাদের হামলা বন্ধ রেখেছে।
প্রায় দুই সপ্তাহ ধরে চলা পাল্টাপাল্টি হামলার পর এই বিরতি এসেছে। ওই সময় যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় এবং ইরানও এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আক্রমণ চালায়। এর ফলে জুনে হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ে।
মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, তাদের অভিযানের অন্যতম উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের হুমকি মোকাবিলা করা। বিশ্ব তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথকে কেন্দ্র করেই সাম্প্রতিক উত্তেজনা তীব্র হয়।
সংঘাত প্রশমনের সম্ভাবনায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। সোমবার একপর্যায়ে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৯ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৫৯ ডলারে নেমে আসে।
এদিকে, মার্কিন গোলাবারুদের মজুত কমে এসেছে—এমন খবরও উড়িয়ে দেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে এবং আরও অস্ত্র উৎপাদনের কাজ চলছে। বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন ইন্টারসেপ্টর তৈরির বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলেও জানান তিনি।
হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলিও দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সব ধরনের কৌশলগত লক্ষ্য পূরণের জন্য মার্কিন সামরিক বাহিনীর কাছে পর্যাপ্তের চেয়েও বেশি যুদ্ধাস্ত্র ও গোলাবারুদ রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনায় যুক্তরাষ্ট্রে তৈরি উন্নতমানের অস্ত্র উৎপাদন আরও বাড়ানোর ওপর জোর দিচ্ছে প্রশাসন।
সূত্র- বিবিসি





























