ক্রীড়া ডেস্কঃ নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে নাটকীয় জয়ের মধ্য দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে ম্যাচ জয়ের পরও নিজেদের সেরা খেলাটা এখনো খেলা বাকি বলে মনে করেন ‘থ্রি লায়ন্স’ অধিনায়ক হ্যারি কেইন।
ম্যাচ শেষে বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংলিশ অধিনায়ক দলের পারফরম্যান্স এবং নিজের বাতিল হওয়া গোল নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দল এখনো তাদের পূর্ণ শক্তিতে জ্বলে উঠতে না পারলেও বিশ্বকাপের মতো আসরে শেষ চারে পৌঁছানোই এখন সবচেয়ে বড় স্বস্তির বিষয়।
ম্যাচ চলাকালীন নিজের একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়া এবং পেনাল্টি থেকে বঞ্চিত হওয়া প্রসঙ্গে কেইন কিছুটা অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আমার মনে হয়েছিল অফসাইডের সিদ্ধান্তটা খুবই সূক্ষ্ম ছিল, যা সেই মুহূর্তে বেশ হতাশাজনক লেগেছিল। আমার এ-ও মনে হয়েছিল যে আমরা একটা পেনাল্টি পেতে পারতাম, যা অনায়াসেই আমাদের পক্ষে দেওয়া যেত। তবে দিনশেষে এসবের আর কোনো গুরুত্ব নেই। আমরা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছি এবং আমি যেকোনো পরিস্থিতিতেই এই জয় লুফে নেব।
সেমিফাইনালে পৌঁছানো নিয়ে তিনি বলেন, আজকের ম্যাচের আগে আমাদের দলের প্রতি মূল বার্তাটাই ছিল সব জড়তা ঝেড়ে ফেলে পূর্ণশক্তিতে ঝাঁপিয়ে পড়া। আমি ছেলেদের অনুশীলনে দেখেছি এবং তাদের দক্ষতা ও সামর্থ্য সম্পর্কে আমার ভালো ধারণা আছে, বিশেষ করে আক্রমণভাগের ক্ষেত্রে। আমরা এখনো মাঠের খেলায় সেই সবকিছুর শতভাগ একসঙ্গে ফুটিয়ে তুলতে পারিনি। তবে নিজেদের সেরা ফুটবলটা না খেলেও যে আমরা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছি—এটাই বড় কথা।
আসন্ন সেমিফাইনালের মহারণ নিয়ে কথা বলতে গিয়ে ইংলিশ অধিনায়ক তার দলের খেলোয়াড়দের সতর্কবার্তা দিয়ে বলেন, আগামী বুধবারের ম্যাচে যদি আমরা আমাদের সেই সেরা ছন্দটা খুঁজে পাই, তবে সেটাই হতে পারে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া বা টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার মধ্যকার মূল ব্যবধান। এখন আমরা এই জয়টা উদযাপন করব, ধকল কাটিয়ে উঠব এবং আগামী কয়েক দিনের মধ্যে পরবর্তী ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি শুরু হয়ে যাবে।





























