কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী জামতলী রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বৃষ্টিপাতে পাহাড়ধসে শিশুসহ একই পরিবারের তিনজনসহ আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
রবিবার (৫ জুলাই) রাত ১টা ১০ মিনিটের দিকে ক্যাম্পের ডি/৬ ব্লকে রোহিঙ্গা যুবক মোহাম্মদ কামাল হোসাইনের ঘরের ওপর পাহাড় ধসে পড়ে।
এতে কামাল হোসাইন (৪৪), তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং ছেলে মোহাম্মদ আনাসের (৪) মৃত্যু হয়। এতে নিখোঁজ একজন।
পাহাড়ধসের এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা।
তিনি বলেন, এ পর্যন্ত পৃথক ঘটনায় আটজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
ডলার ত্রিপুরা বলেন, ১৫ নম্বর ক্যাম্পে পাহাড়ধসের খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করা হয়। উদ্ধার অভিযান চলাকালে আরও কয়েকটি স্থানে পাহাড়ধসের তথ্য আসে। পরে ১১ নম্বর ক্যাম্পে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা চারজনের মরদেহ উদ্ধার করেন।
তারা হলেন, আব্দুর রাজ্জাকের মেয়ে উম্মে হাবিবা (২৭) ও তানজিনা আক্তার (১৩), মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ রিহান (৫) এবং তার ভাই হারুনুর রশিদ (৩)।
এছাড়া কুতুপালং ৭নং রোহিঙ্গা ক্যাম্পের ডি/৭ ব্লকে রাতে পাহাড়ি ঢল ও মাটিচাপায় সাত বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। শিশুটি ওই ক্যাম্পের মোহাম্মদ রশিদের ছেলে।
ক্যাম্পের মাঝি এনায়েত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করা হচ্ছে।
এদিকে, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
































