ক্রীড়া ডেস্কঃ গ্রুপপর্বের তিন ম্যাচেই ড্র করেছে কেপ ভার্দে। আর তাতেই কপাল খুলে গেছে দ্বীপরাষ্ট্রটির। তারা পৌঁছে গেছে নকআউট পর্বে। তবে নকআউটে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শনিবার (২৭ জুন) গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হয়েছিল কেপ ভার্দে। নকআউটে যাওয়ার জন্য ড্র হলেই চলত দেশটির। ৯০ মিনিট দাঁত কামড়ে তাই ড্র নিয়েই মাঠ ছাড়ে তারা। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
গ্রুপের অন্য ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারায় স্পেন। এতে বিশ্বকাপ থেকে বাদ পড়ে উরুগুয়ে। আর স্পেন হয় গ্রুপ চ্যাম্পিয়ন। দ্বিতীয় স্থান নিয়ে গ্রুপ থেকে নকআউট নিশ্চিত করে কেপ ভার্দে। এতে আর্জেন্টিনাকে নকআউটে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দলটি।
এদিকে জে গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল হিসেবে রাউন্ড অব ৩২-এ উঠেছে আর্জেন্টিনা। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে তারা এই জায়গা নিশ্চিত করেছে। এখন তারা এইচ গ্রুপের রানার্স আপ দলের মুখোমুখি হবে। সেই হিসেবে কেপ ভার্দেকে পেয়ে গেছেন লিওনেল মেসিরা।
আর্জেন্টিনা ও কেপ ভার্দের এই ম্যাচ হবে আগামী ৪ জুলাই। সেদিন মিয়ামি স্টেডিয়ামে এই ম্যাচ হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
































