খুলনা প্রতিনিধি: জেলায় ফজরের নামাজ আদায়ের সময় মসজিদের ভেতরে ঢুকে ২ মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হয়েছেন দুজনই। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (১৪ জুন) ভোর ৫টা থেকে পৌনে ৬টার মধ্যে দৌলতপুর থানাধীন ০৬ নম্বর ওয়ার্ডের বিএল কলেজ রোডস্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদের ভেতরে এই হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন— খুলনা মহানগরীর খালিশপুর থানার ০৭ নম্বর ওয়ার্ড উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বারের ছেলে লোকমান হাকিম (৫৫) এবং একই এলাকার যমুনা রোডের মৃত আব্দুল খালেকের ছেলে আলম শেখ (৫৬)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে ওজোপাডিকো বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে অন্যান্য মুসল্লিদের সঙ্গে লোকমান হাকিম ও আলম শেখ ফজরের নামাজ আদায় করছিলেন। নামাজ চলাকালীন আকস্মিক কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে। তারা সরাসরি ওই ২ জনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় লোকমান হাকিম ও আলম শেখ মসজিদের মেঝেতেই লুটিয়ে পড়েন।
ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।গোলাগুলির শব্দ শুনে স্থানীয় ও অন্য মুসল্লিরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে লোকমান হাকিমের অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন। অন্যদিকে, গুলিবিদ্ধ অপর মুসল্লি আলম শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দৌলতপুর থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।































