ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেমে উড়ন্ত সূচনা করেছে যুক্তরাষ্ট্র। প্যারাগুয়ের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য বজায় রেখে ৩ গোল করেছে স্বাগতিক দেশটি। খেলার শুরু থেকেই যুক্তরাষ্ট্রের কাছে পাত্তা পায়নি প্যারাগুয়ে। বল দখলের ৭৫ শতাংশ সময় ছিল যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের পায়ে।
ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে আত্মঘাতী গোলে শুরুতে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর দারুণ এক লক্ষ্যভেদে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ৪৫ মিনিট শেষে অতিরিক্ত সময়ে আরও এক গোল করে যুক্তরাষ্ট্র। অফসাইডের কারণে একটি গোল বাতিল না হলে বিরতির আগেই স্কোরলাইন হতে পারত ৪-০।
নির্ধারিত ৪৫ মিনিটের সঙ্গে যোগ হওয়া ৫ মিনিটেও দৃশ্যপট বদলায়নি। প্যারাগুয়েকে তখন দর্শক বললেও বাড়িয়ে বলা হয় না। একের পর এক আক্রমণে তাদের রক্ষণকে বারবার নড়বড়ে করে তুলছিল যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের গতি, ছন্দ আর নান্দনিক ফুটবলের সামনে লাতিন আমেরিকার দলটি ছিল পুরোপুরি অসহায় ও ছন্নছাড়া।































