নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বাসিন্দাসহ সারা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ ও কোরবানির মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহা আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সাম্যের বন্ধন আরও সুদৃঢ় করুক। এই পবিত্র দিনে সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আসুক।”
উত্তর সিটি প্রশাসক, শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ এবং নাগরিক সেবা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশ দেন। তিনি জানান, ঈদের দিনগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা ও ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিশেষ টিম মাঠে কাজ করবে।
এ সময় শফিকুল ইসলাম খান মিল্টন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, “তারেক রহমান দীর্ঘদিন ধরে গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা এবং জনগণের প্রতি অঙ্গীকার দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অনুপ্রেরণা হয়ে আছে। প্রবাসে থেকেও তিনি দেশের প্রতিটি সংকটে জনগণের পাশে দাঁড়িয়েছেন। তার আদর্শ ও নেতৃত্ব আগামী দিনে একটি সুষ্ঠু, সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
ঢাকা উত্তর সিটি প্রশাসক আরও বলেন, “ঈদের আনন্দ যেন সকলের মাঝে সমানভাবে পৌঁছায়। আমরা চাই একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে নগরবাসী ঈদ উদযাপন করুক। রাজনৈতিক মতপার্থক্য ভুলে এই দিনে সবাই একসাথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার শপথ নিই।”
শুভেচ্ছা বার্তার উত্তর সিটি প্রশাসন শফিকুল ইসলাম খান মিল্টন তিনি দেশের অব্যাহত উন্নতি, শান্তি ও কল্যাণ কামনা করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক শৃঙ্খলা বজায় রেখে ঈদ উদযাপনের আহ্বান জানান।
































