দেশবার্তা ডেস্কঃ বাংলাদেশে আগামীকাল বৃহস্পতিবার (২৭ মে) মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে। এ লক্ষ্যে রাজধানী ঢাকার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ইতোমধ্যেই ঈদের নামাজের সব প্রস্তুতি সেরে নেয়া হয়েছে।
জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া বৈরী থাকলে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
এদিকে এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকালে প্রথম জামাত হবে সকাল ৭টায়। এরপর যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায় সবশেষ জামাত অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দুটি জামাত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। আর দ্বিতীয়টি ৮টা ৩০ মিনিটে হবে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়ও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের জামাত।
গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) তিনটি জামাত হবে। ঈদের প্রথম জামাত ভোর ৫টা ৪৫ মিনিটে। দ্বিতীয় জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে হবে। গুলশান সোসাইটি জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়।
































