নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন মহোদয়কে ঈদের শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ।
শনিবার ২৩ মে, ২০২৬ দুপুর ১২টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দুই প্রশাসক পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় তারা নগর ও জেলা এলাকার উন্নয়ন, জনসেবা এবং ঈদ উপলক্ষে গৃহীত সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।
ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ বলেন, “ঈদুল আজহা ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। জেলা পরিষদ সবসময় জনগণের পাশে থেকে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। নগর ও জেলার সমন্বিত উন্নয়নের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে আমাদের সহযোগিতা আরও জোরদার হবে।”
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন শুভেচ্ছা ও উপহার গ্রহণ করে ধন্যবাদ জানান। তিনি বলেন, “ঈদের মতো উৎসবে এ ধরনের সৌজন্যমূলক সাক্ষাৎ পারস্পরিক বোঝাপড়া ও সুসম্পর্ক বৃদ্ধি করে। নাগরিক সেবা নিশ্চিত করতে জেলা পরিষদের সঙ্গে আমরা একযোগে কাজ করব।”

সাক্ষাতকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঈদ উপলক্ষে নগর ও জেলার সড়ক, বাজার, কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
উল্লেখ্য, ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ পৃথকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, যাতে নাগরিকরা নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারেন।































