নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় এক দশক বন্ধ থাকার পর আবারও আলোচনায় ঢাকা জেলা পরিষদ টাওয়ারের নির্মাণ কাজ। রাজধানীর জনসন রোডে অবস্থিত ২০ তলা ঢাকা জেলা পরিষদ টাওয়ার ভবন পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে তিনি নির্মাণাধীন ভবনটি সরেজমিনে ঘুরে দেখেন।
জানা যায়, ২০১২ সালে প্রায় ১৬০ কোটি টাকার চুক্তিতে ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৫ সালে। পরে সময় বাড়িয়ে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত করা হলেও ২০১৭ সাল থেকে নির্মাণ কাজ পুরোপুরি বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনষ্ট্রাকশন।
এ পর্যন্ত ভবনের প্রায় ৩৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫৩ কোটির বেশি টাকা বিল পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পরিষদ।
পরিদর্শন শেষে প্রশাসক বলেন, দ্রুততম সময়ের মধ্যে ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, ভবনটি চালু হলে প্রায় ৪০০ পরিবারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং জনসাধারণও উপকৃত হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. বদরুদ্দোজা শুভ, ঢাকা জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, প্রশাসনিক অফিসার মো. শাহাবুদ্দীন ও উপসহকারী প্রকৗশলীবৃন্দ।
বন্ধ থাকা এই প্রকল্প আবার কবে পুরোপুরি চালু হবে এখন সেদিকেই নজর সবার।
































