নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপ জনস্বার্থবিরোধী হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন জামায়াত আমির।
পোস্টে তিনি লেখেন, ‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের পরিকল্পনা করছে বলে খবর প্রকাশিত হয়েছে। মোটরসাইকেলের মালিক ও চালকরা সাধারণত ধনী শ্রেণির মানুষ নন; বরং জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহন ব্যবহার করেন।’
জামায়াত আমির আরও বলেন, ‘করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে সংগ্রামরত সাধারণ মানুষের ওপর অতিরিক্ত কর চাপানো উচিত নয়।’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘সরকার যদি এমন কোনো পরিকল্পনা করে থাকে, তাহলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।’






























