আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা সোমবার (৪ মে) বলেছেন, আজ সকালে ইরান মার্কিন নৌবাহিনীর জাহাজ ও বাণিজ্যিক জাহাজগুলোর দিকে গুলি চালানোর চেষ্টা করেছিল, এরপর তার বাহিনী পাল্টা গুলি চালায়।
সেন্ট্রাল কমান্ড বাহিনীর হাতে ইরানের ছয়টি ছোট নৌকা ধ্বংস হয়েছে বলে জানান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। খবর আল আরাবিয়ার।
সেন্টকম প্রধান কুপার বলেন, ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি অভিযানে ১৫ হাজার মার্কিন সেনা সদস্য অংশ নিচ্ছেন। হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিশ্চিতে ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে।
কুপার আরও বলেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এবং তেহরান এই মিশন ব্যাহত করার চেষ্টা করছে, যার লক্ষ্য ওই জলপথ খুলে দেয়া।
তিনি ইরানি বাহিনীকে সতর্ক করে বলেন, তারা যেন মার্কিন সামরিক সম্পদ থেকে দূরে থাকে। কুপার আরও জানান, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ এখনও বহাল রয়েছে, তবে সোমবার সকালের ঘটনাটি যুদ্ধবিরতি লঙ্ঘন ছিল কিনা সে বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
































