আন্তর্জাতিক ডেস্ক: ভোট গণনার শুরু থেকেই ভবানীপুর আসনে টানটান উত্তেজনা বিরাজ করছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম দিকে পিছিয়ে পড়লেও এবার এগিয়ে আছেন মমতা।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, পিটিআই ও আনন্দবাজার সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তৃতীয় রাউন্ডের শেষে মমতার প্রাপ্ত ভোট ৯ হাজার ৩৫৯, শুভেন্দুর প্রাপ্ত ভোট ৮ হাজার ৪৬১। ৮০০-র বেশি ভোটে এগিয়ে মমতা।
কলকাতার এই আসন ঘিরে তাই এখন রাজনৈতিক মহলে বাড়তি আগ্রহ ও উত্তেজনা বিরাজ করছে।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই সোমবার (৪ মে) ২৯৩ আসনে ভোট গণনা চলছে।
স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোটগণনা শুরু হয়।
প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। এরপর গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট।
গণনা করা ভোটের প্রাথমিক প্রবণতা অনুযায়ী, রাজ্যে এগিয়ে আছে বিজেপি। পিছিয়ে আছে ক্ষমতাসীন দল তৃণমূল। বিজেপি এগিয়ে আছে ১৬৮ আসনে। তৃণমূল এগিয়ে ১১৪ আসনে।
































