চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আজ রোববার (৩ মে এই সম্মেলনে মোট ৪৯৮টি প্রস্তাব উত্থাপিত হতে যাচ্ছে। এসব প্রস্তাবের বড় অংশজুড়ে রয়েছে শিল্পায়ন ও বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা।
রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে, শনিবার (২ মে) মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
ডিসি সম্মেলনে সারা দেশ থেকে ডিসিরা অংশ নেন। মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগের মাধ্যম এই ডিসি সম্মেলন। এই সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পান জেলা প্রশাসকরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর এটিই প্রথম জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত এই সম্মেলনের বিস্তারিত জানাতে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) মো. হুমায়ুন কবির।
তিনি জানান, ৪৯৮টি প্রস্তাবের মধ্যে বরগুনা, পিরোজপুর ও লালমনিরহাটে বিশেষ অর্থনৈতিক জোন স্থাপনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি বরিশালে কৃষিভিত্তিক শিল্পের জন্য প্রসেসিং জোন গড়ার প্রস্তাব রয়েছে। ইপিজেডে উৎপাদন সচল রাখতে গ্যাস সংযোগ জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া সিরাজগঞ্জে তাঁত ও মৎস্য খাতে বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব এসেছে। শিল্পের সহায়ক অবকাঠামো উন্নয়নে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে বন্দর নির্মাণ এবং গ্যাস সংকট মোকাবিলায় এলএনজি টার্মিনাল স্থাপনের সুপারিশ করা হয়েছে। কিশোরগঞ্জে ২৫০ শয্যার একটি সরকারি হাসপাতাল স্থাপনের প্রস্তাবও রয়েছে।
হুমায়ুন কবির বলেন, প্রাপ্ত প্রস্তাবগুলোতে জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা বৃদ্ধি, জনদুর্ভোগ কমানো, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ, পর্যটনের বিকাশ, আইন কানুন বা বিধিমালা সংশোধন, জনস্বার্থ সংরক্ষণের বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে। সবচেয়ে বেশি ৪৪টি প্রস্তাব স্বাস্থ্যসেবা বিভাগ সংক্রান্ত।
তিনি আরও জানান, এই ডিসি সম্মেলনে একটি কার্যালয় (প্রধানমন্ত্রীর কার্যালয়), দুটি কমিশন (নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন) এবং ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ অংশ নেবে।































