কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ নারীসহ আরও ৯ জন যাত্রী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের বাঁশেরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক শিশুসহ তিনজন নিহত হন এবং ৯ জন আহত হন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছে।































