চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডের শান্তিবাগ এলাকায় ওয়াসার সুয়ারেজ লাইন খননের সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন- রাকিব ও তুষার।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, চিনা হাইড্রো কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান আগ্রাবাদ অ্যাক্সেস রোডসহ নগরীর বিভিন্ন জায়গায় ওয়াসার সুয়ারেজ পাইপলাইন খনন করছে। রাতে খননের সময় একটি স্থানে ৪ জন শ্রমিক গর্তে পড়ে মাটি চাপা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা এক ঘণ্টার চেষ্টায় তাদেরকে উদ্ধার করেন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।































