বগুড়া প্রতিনিধিঃ বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে এবং শহরটি আনুষ্ঠানিকভাবে নতুন পরিচয় পেয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে নবগঠিত সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি সিটি কর্পোরেশন চত্বরে বৃক্ষরোপণ করেন এবং উপস্থিত নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বলেন, বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল শহরটিকে সিটি কর্পোরেশন করা। তিনি উল্লেখ করেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়েও এ লক্ষ্যে কাজের চেষ্টা করা হয়েছিল, তবে কিছু কাজ অসম্পূর্ণ রয়ে যায়। এখন সেই প্রক্রিয়া পূর্ণতা পেল।
তিনি আরও বলেন, ‘আজ বগুড়া শহর আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করলো। এটি বগুড়াবাসীর জন্য আনন্দের দিন। শহরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং একটি মডেল টাউন হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।’
এর আগে, সকালে তিনি জেলা জজ আদালত চত্বরে আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করেন এবং সকাল সোয়া ১১টায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করেন।
পরে তিনি শহর থেকে গাবতলীর বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হন। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে।
বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করার কথা রয়েছে তার।































