আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কারণে জ্বালানি তেলের দাম বাড়লেও তা সাময়িক। পরিস্থিতি স্বাভাবিক হলে তেলের দাম দ্রুত কমে যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক হুমকি শেষ হলে বিশ্ববাজারে তেলের দাম আবার কমে আসবে। বিশ্ব নিরাপত্তার জন্য তেলের দাম কিছুটা বাড়া বড় বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সামান্য মূল্য দিতে হলেও সেটি মেনে নিতে হবে।
এদিকে ইরানকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। আন্তর্জাতিক বাজারে Brent Crude Oil-এর দাম ব্যারেলপ্রতি প্রায় ১১১ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের (ডব্লিউটিআই) এর দামও ব্যারেলপ্রতি ১০৮ ডলারের ওপরে উঠে গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, উপসাগরীয় অঞ্চলে তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ঝুঁকিতে পড়ায় বিশ্ববাজারে তেলের দামে এই চাপ তৈরি হয়েছে।
































