স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় পর্বের শুরুতেই বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। কাগজে-কলমে শিরোপা লড়াইয়ে এখনও সম্ভাবনা থাকলেও বাস্তবতায় তা অনেকটাই কঠিন হয়ে উঠেছে। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে ফর্টিস এফসির কাছে ১-২ গোলে হেরে গেছে সাদা-কালোরা। চলতি মৌসুমে এটি মোহামেডানের চতুর্থ হার, আর প্রথম পর্বের পর দ্বিতীয়বারের মতো ফর্টিসের কাছেই হারল দলটি।
আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শেষ মুহূর্ত ছিল বেশ বিতর্কিত। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত সময় হিসেবে ৭ মিনিট যোগ করা হয়। তবে সেই সময়ের বড় অংশই কেটে যায় খেলোয়াড়দের তর্ক-বিতর্কে। এরপরও রেফারি ঠিক ৭ মিনিটেই খেলা শেষ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন মোহামেডান কোচ আলফাজ আহমেদ ও অধিনায়ক মেহেদী হাসান মিঠু।
তবে ম্যাচের বেশিরভাগ সময়েই ছন্দহীন ছিল মোহামেডান। প্রথমার্ধের ২০ মিনিটেই ফর্টিসকে এগিয়ে দেন ইসা জালো। মঞ্জুরুর রহমানের লং পাস নিয়ন্ত্রণে নিয়ে মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেনের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।
বিরতির পরও আক্রমণে ধার দেখায় ফর্টিস। দ্বিতীয়ার্ধে আবারও গোল করেন জালো। ওমর বাবুর নেওয়া একটি ফ্রি কিক মোহামেডানের এক খেলোয়াড়ের পায়ে লেগে বাতাসে ভেসে গেলে বক্সের ভেতর তৈরি হয় জটলা। সেই সুযোগে লাফিয়ে উঠে হেডে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
৬৩ মিনিটে ম্যাচে ফেরার সুযোগ পায় মোহামেডান। বক্সের ভেতর হ্যান্ডবলের কারণে ফর্টিসের সাজেদ নিঝুম লাল কার্ড দেখলে পেনাল্টি পায় সাদা-কালোরা। স্পটকিক থেকে গোল করে ব্যবধান কমান মুজাফফর মুজাফফরভ। একজন বেশি খেলোয়াড় নিয়ে বাকি সময় খেললেও সেই সুবিধা কাজে লাগাতে পারেনি মোহামেডান।
এই জয়ের ফলে ২১ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংসের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছে ফর্টিস। অন্যদিকে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। শিরোপা লড়াইয়ে তাদের সম্ভাবনা এখন অনেকটাই কঠিন হয়ে পড়েছে তাদের।































