গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মব সৃষ্টি করে পুলিশের কাছ থেকে দুই আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) রাতে উপজেলার নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে।
আধা ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ গিয়ে ছিনিয়ে নেওয়া আসামিদের গ্রেফতার করে। সঙ্গে আরও তিনজনকে আটক করা হয়। গ্রেফতার আসামিরা হলেন মনিরুজ্জামান (৪৬) ও আদিল (২০)। তারা টাঙ্গাইল সদর থানার একটি মামলার আসামি। আটক অন্য তিনজনের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
পুলিশ জানায়, টাঙ্গাইল সদর থানায় দায়ের করা একটি মামলার আসামিদের ধরতে ওই থানার কয়েকজন সদস্য শ্রীপুর থানায় আসেন। পরে কর্তৃপক্ষের নির্দেশে আসামি ধরতে অভিযান চালানো হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম অভিযানে অংশ নেন।
নিজমাওনা গ্রামে গিয়ে পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেফতার করে। আসামিদের নিয়ে বাড়ি থেকে সড়কে ওঠার সময় হঠাৎ ওই এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ পুলিশকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়।
শ্রীপুর থানার এসআই তাজুল ইসলাম বলেন, “আসামি গ্রেফতার করার পর লাঠিসোঁটা নিয়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের হাতে কামড় দিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আসামিদের ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুনরায় অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামিদের গ্রেফতার করে।”
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, “মূল আসামিসহ মোট পাঁচজনকে অভিযান চালিয়ে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। হামলা চালিয়ে তাদের মধ্যে দুজনকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।































