দেশবার্তা ঢাকা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গ্যাস সিলিন্ডার থেকে লিকেজজনিত বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও দুই বছরের শিশু হুররাম। দুর্ঘটনার পর তাদের দ্রুত উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়। সকাল ছয়টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে ভর্তি করা হয়।
প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহতদের শরীরে বিভিন্ন মাত্রায় দগ্ধের চিহ্ন রয়েছে। মনোয়ারার শরীরের প্রায় ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ পুড়ে গেছে।
চিকিৎসকদের মতে, জিল হক ও উম্মে হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। অন্য দু’জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ছড়িয়ে পড়ার পর আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে তদন্ত চলছে।































