নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে ডিএনসিসির নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
এতে আরও বলা হয়, নিয়োগ করা প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ‘দায়িত্ব ভাতা’ প্রাপ্য হবেন।
এছাড়া অন্য কোনো আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।































