নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই ওয়াগ্গা জোনের ৪১ বিজিবি ব্যাটালিয়ন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ। রোববার কাপ্তাই ৪১ বিজিবি ব্যাটালিয়নে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী।
তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
অধিনায়ক জানান, কাপ্তাই ব্যাটালিয়নের আওতাভুক্ত ৩টি সংসদীয় আসনের ৮টি উপজেলার মোট ২৬৭টি ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করবে বিজিবি। পাশাপাশি দুর্গম ও চ্যালেঞ্জিং এলাকা হিসেবে পরিচিত রাঙামাটি জেলার ২টি উপজেলার ২৬টি ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদারে ৭টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম-৬ (রাউজান) ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে মোট ১৮৭টি কেন্দ্র এবং রাঙামাটি-২৯৯ আসনের কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় ৮০টি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
নির্বাচনের নিরাপত্তা জোরদার করতে বিজিবি সদস্যদের নিয়মিত মহড়া ও আধুনিক সরঞ্জাম ব্যবহারে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও পরবর্তী সময়ে সংবিধান ও আইন মেনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করাই বিজিবির মূল লক্ষ্য বলে জানান তিনি।
এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে ওয়াগ্গা ৪১ বিজিবির ক্যাপ্টেন আশরাফুল ইসলামসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।































